যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের শিশুদের টিকটক ব্যবহারে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর অংশ হিসেবে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১০০ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে।
এই সমঝোতা শিশুদের আসক্তির অভিযোগে করা মামলার নিষ্পত্তিতে হয়েছে। গত সোমবার থেকে মামলার জুরি ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল, তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় তা স্থগিত করা হয়।
সমঝোতার আওতায় আলাবামায় শিশুদের জন্য টিকটক ব্যবহারে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টার সীমা নির্ধারণ করা হয়েছে। রাত এবং স্কুল চলাকালীন নির্দিষ্ট সময়ে অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে।
আলাবামার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রধান আইন কর্মকর্তা ক্যাথরিন রবার্টসন বিবিসিকে জানিয়েছেন, তারা সমঝোতায় সন্তুষ্ট। তিনি বলেন, টিকটকের সঙ্গে কয়েক দফা মধ্যস্থতার পর এই চুক্তিতে পৌঁছানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, শিশুদের দৈনিক ব্যবহারের সময় সীমিত করার পাশাপাশি রাত ও স্কুলের সময় অ্যাপ ব্যবহারে বাধা দেওয়া হবে। এসব সময়সীমা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
টিকটককে বয়স যাচাইয়ের মতো অন্যান্য পরিবর্তন বাস্তবায়নে সর্বোচ্চ এক বছর সময় দেওয়া হয়েছে। সমঝোতার অংশ হিসেবে অভিভাবকদের শিশুদের অ্যাকাউন্ট ব্যবহারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার ব্যবস্থা করবে টিকটক।
শিশুদের জন্য কিছু ধরনের কনটেন্ট সীমিত করার পাশাপাশি নতুন বয়স যাচাই ব্যবস্থা চালু করা হবে। প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কাছে শিশুদের অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার সুযোগও সীমিত করা হবে।
কোনো কিশোর-কিশোরীর সঙ্গে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর সন্দেহজনক যোগাযোগ শনাক্ত হলে তার অভিভাবককে জানানো হবে। শিশুদের ক্ষেত্রে সব ধরনের কসমেটিক বা সৌন্দর্যবর্ধক ফিল্টার নিষিদ্ধ করা হবে।
সমঝোতার শর্ত ভঙ্গ হলে, আলাবামাকে সর্বোচ্চ ৩০ কোটি ডলার পর্যন্ত দিতে হতে পারে টিকটককে। তবে ১০০ মিলিয়ন ডলার ৪৫ দিনের মধ্যে অঙ্গরাজ্য সরকারকে পরিশোধ করতে হবে।