রাজধানীর ইসিবি চত্ত্বরে নিউ গিনি প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্রাউনফিশ ভাঙচুরের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার সকালে মামলাটি করেন সালমান মুক্তাদির। শনিবার রাতে দুর্বৃত্তদের হামলায় স্টুডিওটি ক্ষতিগ্রস্ত হয় এবং নগদ অর্থসহ মালামাল লুট হয়।
পুলিশের দাবি, জমি নিয়ে বিরোধের জেরেই এই হামলা হয়েছে। তবে সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে নিউগিনি হাউজিং প্রোজেক্টে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। শতাধিক ব্যক্তি ৪টি মিনি ট্রাকে এসে গুলি ছুঁড়তে থাকে এবং বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে।
হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দু-পক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, হামলাকারীরা নগদ প্রায় ১ কোটি টাকা এবং মোবাইল ফোনসেটসহ কয়েক কোটি টাকার মালামাল লুট করে।
এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মালিকপক্ষের অভিযোগ, ২ মাস আগে একইভাবে হামলা চালিয়ে মোটা অংকের চাঁদা দাবি করা হয়েছিল।