রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে এই ঘটনা ঘটে।
ঘটনার পর পরী মণি ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। লাইভে তিনি বলেন, "কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি।"
তিনি আরো বলেন, "স্টল ভাঙচুরের অভিযোগ করে এসব ভাঙচুরের দায় দায়িত্ব কে নেবে? এ দেশের রাষ্ট্র নেবে?"
পরী মণি অভিযোগ করেন, "অনেক আর্টিস্ট আছে, তারা যে হেনস্তার শিকার হলে এর দায় দায়িত্ব কে নেবে?" তিনি বলেন, "যদি আমার সাথে কোনো ক্ষোভ থাকে, তাহলে আমার সাথে বসুক।"
গুলশান থানার ওসি জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, "একটি সমস্যা হয়েছিল। পরী মণি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি। ভাঙচুরের ঘটনা জানা নেই।"