গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের অনুসন্ধান করতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিক। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন রবিউল হাসান, আসিফুল ইসলাম রিফাত এবং ফটো সাংবাদিক আবির আহমেদ সুপ্ত। অভিযোগ অনুযায়ী, ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের জিম্মি করে এবং প্রায় তিন ঘণ্টা ধরে তাদের মারধর করে।
অভিযোগে উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা সাংবাদিকদের অস্ত্রের মুখে হত্যার হুমকি দেয় এবং জোর করে ঘুমের ওষুধ মেশানো তরল পান করায়। পরে তাদের সামনে মাদক ও টাকা রেখে মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়।
এ সময় তাদের ক্যামেরা, মোবাইল ফোন ও পরিচয়পত্রও ছিনিয়ে নেয়া হয়। রবিউল হাসান টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনার পর সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর আগে, একই এলাকায় দৈনিক কালবেলার এক সাংবাদিকও অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে।