পটুয়াখালীর কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় ৩২ বছর বয়সী চিকিৎসক নাবিলা নুসরাতের মৃত্যু হয়েছে। শনিবার, ৭ নভেম্বর রাতে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাবিলা বরিশাল সদর উপজেলার চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তার স্বামী শুভ এবং আরও দুই সহকর্মী কুয়াকাটা বেড়াতে আসেন। শনিবার বিকালে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে ঘুরতে যান।
সন্ধ্যার পরে তারা ইজিবাইকযোগে কুয়াকাটা ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নাবিলাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইলিয়াস তালুকদার জানান, পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মরদেহটি পোস্টমর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে ইজিবাইক চালককে খোঁজা হচ্ছে।