কক্সবাজারের টেকনাফ থেকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন রোহিঙ্গা এবং বাকি ৬ জন স্থানীয় বাসিন্দা।
গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ লম্বরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির তথ্যমতে, পাচারচক্রের সদস্যরা দক্ষিণ লম্বরীঘাট এলাকায় কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক নিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যায় ২০-২৫ জন ব্যক্তিকে লম্বরীঘাট এলাকায় দেখা যায়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের ১০-১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে পালিয়ে যায়। বিজিবি পরে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করে।