জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, মেলান্দহের শিমুলতলী থেকে যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। অপরদিকে, মোটরসাইকেলটি জামালপুর থেকে মেলান্দহ যাচ্ছিল।
এ সময় একটি ট্রাক প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি পেছন থেকে অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হন।
দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী ও ইজিবাইক চালক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।