রাজধানীর উত্তরা এলাকায় একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার গ্রিলবিহীন জানালা থেকে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত হোটেল এম্বাসেডরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে। পুলিশ জানায়, সিয়াম মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এবং তার তিন বন্ধু হোটেলে অবস্থান করছিলেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, শুটিংয়ের কাজে সিয়ামসহ কয়েকজন বন্ধু পাঁচ দিন আগে ওই হোটেলে উঠেছিলেন। গতকাল বিকেলে হোটেলের পঞ্চম তলার একটি কক্ষের জানালায় অসাবধানতাবশত পড়ে যান সিয়াম, যা ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটায়।
পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানালার গ্রিল না থাকার কারণে সিয়ামের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সিয়ামের সঙ্গে থাকা তিন বন্ধুকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রিসান (২৩), মিম চৌধুরী (২০) ও আমিরা খান (২২) রয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিসান ও মিমের মধ্যে সম্পর্ক থাকার তথ্য পাওয়া গেছে। তবে সিয়ামের সঙ্গে আমিরার সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত নয়।
এ বিষয়ে আমিরা জানান, সিয়াম তার পূর্বপরিচিত ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, জানিয়েছে পুলিশ।