রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে নকল বিড়ির ব্যান্ডরোল জব্দ, আটক ২

নরসিংদীর শিবপুরে নকল বিড়ির ব্যান্ডরোল জব্দ, দুই ব্যক্তি আটক।

নরসিংদীতে নকল বিড়ির ব্যান্ডরোল জব্দ, আটক ২

নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনকে আটক করা হয়। রবিবার দুপুরে শিবপুর উপজেলার কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়, জানান শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

আটককৃতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের কোতোয়ালি থানার বাটি কানাইপুর এলাকার মৃত মনিন্দ্র দত্তের ছেলে নেপাল দত্ত (৬৯) এবং নরসিংদীর শিবপুরের কামরাবো এলাকার জমির উদ্দিনের ছেলে মো. রকিব (২৫)।

জব্দকৃত ৮৬৬ বান্ডিল ব্যান্ডরোলের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা। নকল বিড়ির ৯০ হাজার পিসের মূল্য প্রায় ১৮ হাজার ৩০০ টাকা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিবপুরের কামরাবো এলাকার একাধিক বিড়ি কারখানায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন করা হচ্ছিল, যা সরকারি রাজস্ব ফাঁকির একটি চক্র হিসেবে চিহ্নিত হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রাথমিকভাবে জানতে পারে যে, নেপাল বণিক নামক এক ব্যক্তির মাধ্যমে নকল ব্যান্ডরোল সরবরাহের একটি চক্র পরিচালিত হচ্ছিল। এরপর কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এনএসআইয়ের পাশাপাশি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অংশ নেয়।

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান জানান, জব্দ করা নকল ব্যান্ডরোল ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন