বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে আন্দোলনে আহত শ্রমিকের মৃত্যু, তদন্ত শুরু

গাজীপুরে আন্দোলনের সময় আহত শ্রমিক তৌফিক শেখ মারা গেছেন, তদন্ত চলছে।

গাজীপুরে আন্দোলনে আহত শ্রমিকের মৃত্যু, তদন্ত শুরু

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় আহত তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৌফিক গত পাঁচ বছর ধরে বাংলাবাজার এলাকায় গার্মেন্টসে চাকরি করছিলেন। সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলনের সময় হামলা চলাকালীন তিনি মুঠোফোনে ঘটনাটি ধারণ করার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে।

গুরুতর আহত তৌফিককে সহকর্মী শ্রমিকেরা উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলায় গুরুতর আহত তৌফিক শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলের সিসিটিভি সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনে সহিংসতা রোধে পুলিশ, আনসার, এসআরবি সদস্যদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। তিনি জানান, শিল্পাঞ্চলের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন