বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শেরপুরে পাখি শিকারির সাত দিনের কারাদণ্ড

শেরপুরে পাখি শিকারির সাত দিনের কারাদণ্ড, উদ্ধার হয়েছে ১২টি বক ও ৬টি বেগুনি কালেম।

শেরপুরে পাখি শিকারির সাত দিনের কারাদণ্ড

শেরপুরে পাখি শিকারের দায়ে নেজামুল নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার কাছ থেকে শিকারের সরঞ্জামসহ ১২টি বক ও ৬টি বেগুনি কালেম উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোর ৬টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে শেরপুর সদর উপজেলার ধলা ও কামারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের যৌথ উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানের সময় আটটি হাল (পাখি শিকারের সরঞ্জাম), ১৪টি ফাঁদ, শিকার করা ১২টি বক ও ৬টি বেগুনি কালেম উদ্ধার করা হয়। কামারিয়া ইউনিয়নের আলীনাপাড়া গ্রাম থেকে নেজামুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। সাজাপ্রাপ্ত নেজামুলকে কারাগারে পাঠানো হয়েছে।

একই দিন বিকেলে উদ্ধার করা বক ও বেগুনি কালেমগুলো প্রকৃতিতে অবমুক্ত করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।

পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকৃতি-পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, স্বেচ্ছাসেবকসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পাখি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই পরিযায়ী ও দেশীয় পাখি সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

বিজ্ঞাপন