মজুরি বৃদ্ধির দাবিতে আজ বুধবার ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলন চলেছে। শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
সাভারের হেমায়েতপুর, পদ্মার মোড়, উলাইল ও ফুলবাড়িয়ায় শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ, শ্রমিক, সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, “মানুষের জানমাল রক্ষার যে ম্যান্ডেট আমাদের দেওয়া হয়েছে, আইনি ব্যাকগ্রাউন্ডে সেই নিয়ম–নীতি আমরা প্রয়োগ করব।”
আশুলিয়াতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। গাজীপুরে সাইনবোর্ড ও নলজানিতে অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকরা টানা তৃতীয় দিন কর্মবিরতি পালন করেন। কাঠেরপুল এলাকায় তাদের সড়কে নামার চেষ্টা টিয়ারশেল ছুড়ে বানচাল করে পুলিশ।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আল মাহমুদ জানান, “একটা অশান্তির পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে তারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে শ্রমিকদের নামানোর চেষ্টা করে।”