বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে লিউ হাইশিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী লি ছিয়াংকে শুভেচ্ছা জানান।

লিউ হাইশিং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের সম্পর্কের নতুন যুগের যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দীর্ঘকাল ধরে দুই দেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান ধরে রেখেছে।

তিনি বলেন, ঐতিহাসিক এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এখন তাঁদের দায়িত্ব। এছাড়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, যা কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ (আরসিইপি) নিয়ে আলোচনা হয়। লিউ হাইশিং জানান, চীন রোহিঙ্গা সংকট সম্পর্কে অবগত এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ চীনের প্রেসিডেন্টকে জানাবেন।

উভয় পক্ষ রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন