বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফ রাথারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফ রাথারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ বুধবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আদনান আলতাফ রাথার ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া দাঙ্গালপাড়ার আলতাফ হোসেন রাথারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি হোটেলে যান আদনান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আদনানের সন্ধান পায়নি তার পরিবার। পরে মঙ্গলবার বিকেলে বুড়িচং থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি করা হয়। ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তাঁর মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, আদনান মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করানো হয়েছিল। তিনি গত ৩০ অক্টোবর তার মা নিগাদ বেগমের সঙ্গে বাংলাদেশে আসেন। মঙ্গলবার বিকালে নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাবিলা এলাকা জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।

বিজ্ঞাপন