চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিফাত ও রাসেল পদ্মা নদীর আলীমনগর ঘাট এলাকায় গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাঈদ হাসান শুভ জানান, ৬টার দিকে রিফাত এবং সোয়া ৬টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে সাকিরুল ইসলাম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে। সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।