জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (পিএইচডি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠেন। পরে তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীর সুইসাইড নোটে বিভাগের অবহেলার বিষয়ে উল্লেখ থাকায় বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল হালিমের +৮৮০১৭১৪-০১২৩১৫ নম্বরে অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর +৮৮০১৭১২-৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মোহাইমিনুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন। তার স্থায়ী ঠিকানা জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরা বাড়ি।