মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফরিদপুরে পূজা দেখতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুরে পূজা দেখতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র কৌশিক সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফরিদপুরে পূজা দেখতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুরে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র কৌশিক সাহা জিতু (২৩) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ কুমার নদ থেকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষীপুর মদনখালী স্লুইচগেট সংলগ্ন এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন করেন। পুলিশ এসে অজ্ঞাত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

কৌশিক শহরের ওয়্যারলেসপাড়া এলাকার কমলেশ সাহার ছেলে এবং সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং তার প্যান্টের পকেট থেকে একটি চাবি জব্দ করা হয়।

নিহত ছাত্রের বাবা কমলেশ সাহা বলেন, কৌশিক গত রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে ঘুরছিল। এরপর পোশাক পরিবর্তন করে আবারও পূজা দেখার জন্য বের হয় এবং বাসার গেইটের চাবি নিয়ে যায়। রাতের বেলায় সে আর বাসায় ফিরে আসেনি।

নিখোঁজের পরেরদিন ১৯ অক্টোবর তাঁর বাবা থানায় সাধারণ ডায়েরী করেন। পরে মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান এবং চাবি দেখে কৌশিকের পরিচয় শনাক্ত করেন।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক মাসুদ হোসেন জানান, মরদেহটি পচে ফুলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের দাবি অনুযায়ী, জব্দকৃত চাবি পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হয়।

এদিকে জেলা পুলিশ, সিআইডি এবং পিবিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন