কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।
গত ৩ সেপ্টেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনের বিমানবন্দরে দেশে ফেরার উদ্দেশ্যে গেলে দেশটির ইমিগ্রেশন পুলিশ ৩২ বাংলাদেশিকে আটক করে। পরে তাদের মধ্যে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে দালাল চক্রের মাধ্যমে এসব বাংলাদেশিকে কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাদের অনেককে সাইবার স্ক্যামিং বা অনলাইন প্রতারণার কাজ করতে বাধ্য করা হতো।
এছাড়া, এসব কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলে তাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে। গত ১৪ অক্টোবর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। প্রতিবেদনটি প্রকাশের পর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের মুক্ত করে দেশে ফেরানোর উদ্যোগ নেয়।