মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দিল্লিতে দশেরা উৎসবে মোদির জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

দিল্লিতে দশেরা উৎসবে মোদির নিরাপত্তা ব্যবস্থা জোরদার, তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

দিল্লিতে দশেরা উৎসবে মোদির জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য উপস্থিতিকে কেন্দ্র করে দিল্লিতে দশেরা উৎসবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব দিল্লির আইপি এক্সটেনশনের উৎসব ময়দানে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

মোদি সেখানে রাবণের প্রতীকী মূর্তি পোড়ানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এ উপলক্ষে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।

দিল্লি পুলিশের দুই কর্মকর্তা জানিয়েছেন, অনুষ্ঠানস্থল এবং যাতায়াতের পথগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য হুমকি, বিক্ষোভ এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা বিবেচনায় রেখেই এ পরিকল্পনা করা হয়েছে।

এই অনুষ্ঠানের নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী এবং দিল্লি পুলিশের প্রায় আড়াই হাজার সদস্য মোতায়েন করা হবে। এ বহরে থাকবেন বিশেষ অস্ত্র ও কৌশলগত অভিযানে প্রশিক্ষিত সোয়াট কমান্ডোরা।

এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তাঝুঁকি এবং অনুষ্ঠানস্থল কিংবা সেখানে যাওয়ার পথে অসামাজিক ব্যক্তিদের মাধ্যমে বিক্ষোভ বা বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা বিবেচনায় সদস্য মোতায়েন ও যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তাব্যবস্থার সবচেয়ে ভেতরের স্তরের দায়িত্বে থাকবে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। দ্বিতীয় স্তরে থাকবেন দিল্লি পুলিশের বিশেষ শাখার সদস্য ও কমান্ডোরা। তৃতীয় বা বাইরের স্তরের দায়িত্ব পালন করবে স্থানীয় পুলিশ।

এভাবে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দশেরা উদ্‌যাপনকে ঘিরে সম্ভাব্য যানজট এড়াতে আশপাশের সড়কগুলোতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ এবং বিকল্প পথে যানবাহন পরিচালনার পরিকল্পনাও করা হয়েছে।

বিজ্ঞাপন