চলমান শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে অংশ নিতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি রাজধানী ঢাকা থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন।
সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রী রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তিন বিভাগের তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
তিনটি জেলায় পরিদর্শনের মধ্যে প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম পরিদর্শন করবেন তিনি। রুমন আরও জানান, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে তিনি ঢাকা ফিরবেন বলে জানানো হয়েছে।