মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর আহ্বান: সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর আহ্বান: সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।" তিনি ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, "ধর্ম আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।"

মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, "১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু। যুদ্ধের মাঠে আমাদের একটাই পরিচয় ছিল, আমরা সবাই বাংলাদেশি।"

প্রধানমন্ত্রী গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথাও স্মরণ করেন। তিনি বলেন, "কেউ জিজ্ঞেস করেনি, ভাই আপনি কি মুসলমান, নাকি আপনি হিন্দু। সবাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার ছিল।"

তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, "সেদিনও আমরা কাউকে ধর্মের ভিত্তিতে বিচার করিনি। সবাই একসঙ্গে ছিল।"

দেশের উন্নয়ন ও পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনার পরিবর্তন ঘটলে, আমিও উপকৃত হব।"

প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "এই অনুষ্ঠানটি হচ্ছে একটি আনন্দের অনুষ্ঠান, একটি মিলনমেলা।"

বিজ্ঞাপন