জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী বাংলাদেশকে গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলগুলো দীর্ঘ ১৮ বছর ধরে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, তারা যেন নিজেদের স্বার্থের জন্য জাতিকে দ্বিধাবিভক্ত না করেন।
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী সতর্ক করে বলেন, যারা ফ্যাসিবাদের মতো আচরণ করে দেশকে বিভক্ত করতে চান, জনগণ তা মেনে নেবে না। জনগণ এখন গণতন্ত্র ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি দেশ গড়ার যাত্রা শুরু করেছেন এবং এই জুলাই গণঅভ্যুত্থানে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন।