শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্চনার অভিযোগ উঠেছে। এই ঘটনা আজ বুধবার সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আদর উপস্থিত হন।
ইমরান ও জাকিরের অভিযোগ, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। তারা বলেন, "আমাদের চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে অনুষ্ঠান স্থান থেকে বের করে দেয়া হয়।"
বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে সমালোচনা করায় তারা প্রতিবাদ করেছেন। বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোরর্শেদ টিপু বলেন, ইমরান আল নাজির ও তাঁর সহযোগীরা অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বাজে ভাষায় সমালোচনা করেছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তাহসিনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের হট্টগোল হয়নি।