জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার নির্বাচনের পর থেকে বৈষম্য সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, বিএনপি দেশ পরিচালনায় আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে অনুষ্ঠিত নাগরিক সভায় নাহিদ ইসলাম বলেন, 'এখন বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফেরত পাচ্ছে না।' তিনি দাবি করেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, 'আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে, ফলে চাঁদাবাজি ও স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।'
নাগরিক সভায় এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'জুলাই আন্দোলনের পর বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলো, আমরা ভেবেছিলাম তারা বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু প্রত্যেক জায়গায় নিয়োগ ও সারের ডিলার দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে, অভিজ্ঞতা ও যোগ্যতা না দেখে এমপির ছেলে কিংবা আত্মীয়দের নিয়োগ দেওয়া হচ্ছে।'