জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে সমঝোতা করেই বিএনপি ক্ষমতায় এসেছে। তিনি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা আবশ্যক, অন্যথায় ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীতে এনসিপির আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, 'দেশে তরুণদের রক্তদানের মাধ্যমে পটপরিবর্তন হয়েছে। সেটাকে শুধু ক্ষমতার পটপরিবর্তন হিসেবে দেখতে চাইনি। বর্তমান সরকার দল পটপরিবর্তনকে ক্ষমতার পটপরিবর্তন হিসেবে দেখতে চেয়েছে।'
তিনি আরও বলেন, 'গত ৭ মাসে সরকার তরুণদের জন্য কি করেছে সেটা আপনাদের মুল্যায়ন করতে হবে।' এসময় তিনি গণভোটের রায় বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং দেশের স্বার্থে পানির হিস্যা নিশ্চিতের দাবি জানান।
নাহিদ ইসলাম দেশের সার্বভৌমত্ব এবং স্বার্থের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি পানি না আসে, তাহলে কোনো করিডোর হবে না, ট্রানজিট হবে না।'
তিনি আরও বলেন, 'যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তবে কোন ভারতীয় চ্যানেল এদেশে চলবে না।' অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, '১১ দলীয় জোটে কোনো দূরত্ব তৈরি হয়নি, বরং তারা আরও কাছাকাছি রয়েছে।'
পাটওয়ারী নিজস্ব রাজনৈতিক অবস্থান নিয়ে মাঠে থাকার কথাও জানান।