রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠান স্থানান্তরিত হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, "কোনো ঠিকাদারের কথাতে রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না।"
মন্ত্রী এই মন্তব্যটি করেন সম্প্রতি নেস্কোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের আলোচনার প্রেক্ষিতে। বুধবার দুপুরে শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাৎপর্য বিষয়ে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "এখানে যারা চাকরি করেন, কিছু কিছু হাসিনার ফ্যাসিস্ট দালাল আছে, যারা এটি নিয়ে বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছে।" তিনি আরও বলেন, "রাজশাহী মাই ফাস্ট। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।"
মন্ত্রী মিনু উল্লেখ করেন, "নেস্কো কেন কোনো কিছু রাজশাহী থেকে যাবে না। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র পোস্ট বড় কিছু নয়। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে।"
তিনি বলেন, "আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। আমরা এখানে নির্বাচিত প্রতিনিধি। আমার অনেক দায়িত্ব রয়েছে। এই ভূমির জন্য আমি আমার জীবন উৎসর্গ করবো যেকোনো সময়। ভয় পাওয়ার কিছু নেই।"