বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু, শ্রমিক বিরোধের অবসান

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে।

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু, শ্রমিক বিরোধের অবসান

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল আজ শনিবার দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনার পর নাটোরের একটি বাস রাজশাহী গেলে সেখানকার পরিবহন শ্রমিকরা তা আটকে দেয়। এর ফলে নাটোরের ওপর দিয়ে রাজশাহীর কোনো বাস চলাচল করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় বাস মালিক-শ্রমিক সমিতি।

পাল্টা কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী থেকে ঢাকাগামীসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

হঠাৎ বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বিকল্প যানবাহনে চড়ে রাজশাহী ছাড়েন, আবার কেউ কেউ বাস চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় থাকেন।

বিজ্ঞাপন