বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, কলামিস্ট ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ, শনিবার। তিনি ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।
এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজার জেলার বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আব্দুল বাছিত এবং মা তালেবুননেসা। তিনি তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ছিলেন।
তিনি মৌলভীবাজার সরকারি হাইস্কুল থেকে লেখাপড়া শুরু করে ১৯৪৯ সালে দি এইডেড হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৫১ সালে সিলেট মুরারীচাঁদ কলেজ থেকে আইএ পাস করেন এবং ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি অর্জন করেন।
সাইফুর রহমান ১৯৫৩ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত লন্ডনে পড়াশোনা করেন এবং সেখানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্যে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।
তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সলিমুল্লাহ হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকার জন্য তিনি গ্রেফতার হয়ে এক মাস কারাবরণ করেন।
সাইফুর রহমানের জাতীয় রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য উপদেষ্টা হিসেবে। ১৯৭৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে যোগ দেন এবং ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে রূপান্তরিত হয়।
তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন।