দেশে ধর্মীয় বা জাতিগত পরিচয়ের কারণে কেউ পিছিয়ে থাকবে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর দয়াগঞ্জে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের সার্বিক উন্নয়নে সবার সমান অবদান রাখতে হবে। তিনি বলেন, "সব ধর্ম ও জাতির মানুষকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।"
দূর্গাপুজায় সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করতেই পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মীর শাহে আলম বলেন, সরকার নিশ্চিত করছে যে পরিচ্ছন্নতাকর্মীরা সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও আবাসন সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা।