স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিকতা পেশার জন্য একটি অভিন্ন আচরণবিধি প্রণয়ন জরুরি। তবে এ আচরণবিধি সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া নয়, বরং সাংবাদিকতা সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগেই প্রণীত হতে হবে বলে দাবি জানিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনরা।
তাদের মতে, সংবাদমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতিমালা, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি এবং পাঠক-দর্শকের জন্য কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এ ধরনের আচরণবিধির ভিত্তি হতে পারে। স্বাধীনতা ও জবাবদিহির মধ্যে ভারসাম্য বজায় রেখে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত ও নৈতিক মান নিশ্চিত করা গেলে পাঠক-দর্শকের আস্থা ফিরিয়ে আনা সহজ হবে।
রোববার (৮ নভেম্বর) রংপুরে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা যত কার্যকর হবে, সংবাদমাধ্যমে বাইরের হস্তক্ষেপের সুযোগ তত কমবে।
এছাড়া, সাংবাদিকদের পাশাপাশি সম্পাদক ও মালিকদের জন্য পৃথক আচরণবিধি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। সভায় অংশগ্রহণকারীরা বলেন, সংস্কার এখন আর ভবিষ্যতের কোনো বিষয় নয়, নীতিনির্ধারণী পর্যায়ে এটিকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ফাহিম আহমেদ সাংবাদিকতার মানোন্নয়নে সংবাদমাধ্যমগুলোর নিজস্ব দায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সাংবাদিকতা পেশার জন্য একটি অভিন্ন আচরণবিধি থাকা প্রয়োজন। তবে সেটি সরকারের চাপিয়ে দেওয়া উচিত নয়; বরং সাংবাদিক, সম্পাদক ও পেশাজীবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে প্রণয়ন করা উচিত।