সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহির মধ্যে ভারসাম্য রক্ষা এবং পাঠক-দর্শকের আস্থা ফিরিয়ে আনতে শক্তিশালী স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম খাতের অংশীজনরা। রোববার (১৮ অক্টোবর) সিলেটে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, সম্পাদকীয় স্বাধীনতা, মালিকপক্ষের জবাবদিহি, সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত ও নৈতিক মান নিশ্চিত করতে কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। এ জন্য সম্পাদকীয় নীতিমালা অনুসরণ, স্বচ্ছ ব্যবস্থাপনা ও সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন তারা।
এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা যত কার্যকর হবে, সংবাদমাধ্যমে বাইরের হস্তক্ষেপের সুযোগ তত কমবে। তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য সংবাদমাধ্যমের নিজস্ব জবাবদিহির ব্যবস্থা শক্তিশালী করা জরুরি।
গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ মৌলিক কাঠামোগত সংস্কার বাস্তবায়নের ওপর জোর দেন। সভায় সাংবাদিকদের সময়মতো বেতন-ভাতা, নিয়োগপত্র, আইনানুগ সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এছাড়া, জাতীয় পর্যায়ে গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় ঢাকার বাইরের সাংবাদিক ও সংবাদমাধ্যমের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা।