হুতিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত ১১৮টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এর ফলে ১৮ হাজার ৩৬২ জন যাত্রী প্রভাবিত হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৫২টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ার ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ার ১টি ফ্লাইট রয়েছে।