নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতায়িত হয়ে ৫ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসায় এ দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন মোছাম্মদ জিদনি (১৩), সুমাইয়া (১২), মরিয়ম (১২), আতিয়া (১১) ও আছিয়া (১০)। তাদের প্রত্যেককে ঢাকার জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের মতে, আজ বিকেলে ছাত্রীরা মাদরাসার ছাদে খেলাধুলা করছিল। এসময় ছাদের ওপর থাকা উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের স্পর্শে তারা আহত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছায়। বিদ্যুতায়িত ৫ জন শিক্ষার্থী বর্তমানে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।"