স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার হাঁড়ি থেকে খাবারে সিসা মিশতে পারে বলে একটি গবেষণায় উঠে এসেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণাটি ন্যাচার গ্রুপের জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজিতে প্রকাশিত হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, নতুন অ্যালুমিনিয়ামের পাত্র প্রথম কয়েকবার ব্যবহারের সময় খাবারে সিসার পরিমাণ বেশি পাওয়া গেছে। বারবার ব্যবহারের পরও খাবারে সিসার উপস্থিতি নিরাপদ মাত্রার নিচে নামছে না। পুরোনো ভাঙারি ধাতু বা স্ক্র্যাপ মেটাল গলিয়ে তৈরি এসব পাত্রে সিসা থেকে যেতে পারে, যা রান্নার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশের ঝুঁকি তৈরি করে।
বিশেষ করে শিশুদের জন্য এ ঝুঁকি উদ্বেগজনক, কারণ সিসার সংস্পর্শ শিশুদের মস্তিষ্কের বিকাশ ও শেখার ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা যায়, নতুন পাত্রে রান্নার সময় প্রতি কেজি সাদা ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে, যা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি।
গবেষণায় স্থানীয়ভাবে তৈরি ২০টি নতুন এবং সাতটি পুরোনো পাত্র সংগ্রহ করা হয়। পাত্রগুলোর ধাতুতে সিসার উপস্থিতি পরীক্ষা করা হয় এবং সাদা ভাত ও খিচুড়ি রান্না করার পর খাবারে সিসার পরিমাণ নির্ণয় করা হয়। গবেষকরা জানান, পাত্র পরিষ্কারের পদ্ধতি সিসা মিশে যাওয়ার পরিমাণে প্রভাব ফেলে। নতুন পাত্র স্টিলের তারের মাজুনি দিয়ে পরিষ্কার করলে খাবারে সিসার পরিমাণ পাঁচ গুণ বেড়ে যায়।
আইসিডিডিআর,বির এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ বিভাগের সহকারী বিজ্ঞানী ড. জেসমিন সুলতানা বলেন, পরিবারের খাবারে সিসা মিশছে কি না, তা নিয়ে দুশ্চিন্তা করতে দেওয়া উচিত নয়। বিশেষ করে শিশুদের খাবার তৈরির জন্য পরীক্ষিত রান্নার পাত্র ব্যবহার করা উচিত। তিনি সতর্ক করেন যে, এসব সতর্কতা দূষিত পাত্রকে পুরোপুরি নিরাপদ করে না।
গবেষকদের মতে, সিসার সংস্পর্শে আসার বিভিন্ন উৎস রয়েছে, যার মধ্যে হলুদে সিসা মেশানোর ঘটনাও রয়েছে। রান্নার পাত্র থেকেও মানুষ সিসার সংস্পর্শে আসতে পারে। তাই এ বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।