মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

একাধিক ভাষায় পড়াশোনা শিশুর মস্তিষ্কে কীভাবে প্রভাব ফেলে

একাধিক ভাষায় পড়াশোনা শিশুর মস্তিষ্কের কার্যক্রম ও উন্নয়ন নিয়ে বিশ্লেষণ করেছেন গবেষকরা।

একাধিক ভাষায় পড়াশোনা শিশুর মস্তিষ্কে কীভাবে প্রভাব ফেলে

সংযুক্ত আরব আমিরাতে অনেক শিশু স্কুলে ইংরেজিতে পড়াশোনা করে এবং বাড়িতে পরিবারের সঙ্গে আরবিতে কথা বলে। কিছু শিশু চীনা ভাষাও শেখে। এই পরিস্থিতিতে অভিভাবকদের প্রশ্ন হচ্ছে, একাধিক ভাষায় পড়াশোনা শিশুর মস্তিষ্ককে আরও সক্রিয় করে, নাকি চাপ সৃষ্টি করে?

জায়েদ ইউনিভার্সিটির ড. ফাতমা সাঈদ এবং ইউএই ইউনিভার্সিটির ড. ইউয়ান মেং এই বিষয়ে আলোকপাত করেছেন। তারা 'রিডিং ফর প্লেজার কারাভান' নামক এক আয়োজনে জানান, ভিন্ন ভাষায় পড়ার সময় শিশুর মস্তিষ্ক কীভাবে কাজ করে এবং কেন পড়ার আনন্দ গুরুত্বপূর্ণ।

ড. ইউয়ান মেং চীনা অক্ষর কিভাবে পাঠকের মস্তিষ্কে প্রক্রিয়াজাত হয়, তা নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, চীনা ভাষায় শব্দের মাঝে সাধারণত ফাঁকা জায়গা থাকে না, ফলে পাঠককে বুঝতে হয় কোন অক্ষরগুলো একসঙ্গে একটি শব্দ তৈরি করছে।

আরবি ও ইংরেজির ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। আরবি ভাষায় মূল অক্ষর ও কাঠামোর মাধ্যমে শব্দ তৈরি হয়, অন্যদিকে ইংরেজিতে অক্ষরের অবস্থান সামান্য পরিবর্তিত হলেও শব্দটি চিনতে সমস্যা হয় না। তবে ইংরেজিতে অক্ষরের ক্রমও গুরুত্বপূর্ণ।

ড. মেং আরও উল্লেখ করেন, যে লেখার পদ্ধতিই ব্যবহার করা হোক, মস্তিষ্ককে পৃষ্ঠায় দেখা চিহ্নের সঙ্গে ভাষার যোগসূত্র তৈরি করে বার্তাটির অর্থ বুঝতে হয়। তিন ভাষাতেই মস্তিষ্কের মূল লক্ষ্য একই—অর্থ বোঝা।

আরবি ভাষাভাষী শিশুদের জন্য বিষয়টি কিছুটা জটিল। তারা বাড়িতে সাধারণত স্থানীয় আরবি উপভাষায় কথা বলে, কিন্তু লিখিত আরবিতে আধুনিক প্রমিত আরবি ব্যবহার হয়। এই অবস্থাকে ভাষাবিজ্ঞানে 'ডাইগ্লসিয়া' বলা হয়।

ড. ফাতমা সাঈদের মতে, এটি সমস্যা না হয়ে বরং সুযোগ হতে পারে। এর ফলে শিশুর মস্তিষ্ককে আরও বেশি শব্দভান্ডার, বাক্যগঠন শিখতে হয়। গবেষণায় দেখা গেছে, একটি ভাষায় শেখা দক্ষতা অন্য ভাষায়ও কাজে লাগতে পারে।

ড. সাঈদ জানান, আরবি পড়তে সমস্যা প্রায়ই ডাইগ্লসিয়াকে দায়ী করা হয়, তবে শিক্ষার মান এবং বাড়িতে পড়াশোনার পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ।

শিশুরা ছোটবেলা থেকেই আরবির বিভিন্ন রূপের সংস্পর্শে এলে তা তাদের জন্য উপকারী হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ফুসহা ভাষায় কার্টুন দেখেছে, তাদের আরবি শব্দভান্ডার বড় ছিল।

ড. মেং চীনা ও ইংরেজির মতো ভিন্ন লেখার পদ্ধতি একসঙ্গে শেখার চ্যালেঞ্জ ও সুযোগের কথা বলেন। শৈশবে আনন্দ নিয়ে বই পড়ার দীর্ঘমেয়াদি উপকারও রয়েছে। একটি ব্রিটিশ গবেষণায় দেখা গেছে, ছোটবেলায় আনন্দের জন্য বই পড়ার সঙ্গে বড় বয়সে ভালো শব্দভান্ডারের সম্পর্ক রয়েছে।

গবেষকদের মতে, শিশু যেন পড়াশোনাকে চাপ হিসেবে না দেখে, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখা জরুরি। ড. ফাতমা সাঈদের মতে, ভাষা শেখানোর ক্ষেত্রে ভালোবাসা ও আবেগের সম্পর্ক তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন