শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিশুদের স্ক্রিন ব্যবহারে অভিভাবকের ভূমিকা মাত্র ২০ শতাংশ

শিশুদের স্ক্রিন ব্যবহারে অভিভাবকের ভূমিকা মাত্র ২০ শতাংশ, গবেষণায় প্রকাশিত তথ্য।

শিশুদের স্ক্রিন ব্যবহারে অভিভাবকের ভূমিকা মাত্র ২০ শতাংশ

বাংলাদেশে শিশুদের ভাষা বিকাশে স্ক্রিন ব্যবহারের প্রভাব নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ শিশু বিনোদনমূলক কনটেন্ট দেখে, কিন্তু সন্তানের স্ক্রিন ব্যবহারের সময় সবসময় পাশে থাকেন মাত্র ২০ শতাংশ অভিভাবক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের গবেষণায় ৩ থেকে ৮ বছর বয়সী ৫০ শিশুর ওপর পরীক্ষা করা হয়েছে। গবেষণাটি অধ্যাপক ড. হাকিম আরিফের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

গবেষণায় দেখা গেছে, ৪০ শতাংশ শিশু দৈনিক ৩ থেকে ৪ ঘণ্টা এবং ২০ শতাংশ শিশু চার ঘণ্টারও বেশি সময় স্ক্রিনে কাটায়। ৯০ শতাংশ শিশুর প্রধান মাধ্যম মোবাইল ফোন, এরপর টেলিভিশন (৭০%) ও ট্যাব (৫০%)।

শিশুরা কার্টুন ও বিনোদনমূলক অনুষ্ঠান দেখে, তবে ৬০ শতাংশ শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়। শিক্ষামূলক ও ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ ব্যবহারকারী শিশুরা নতুন শব্দ পুনরাবৃত্তি করেছে এবং তাদের বাক্যগঠনে উন্নতি দেখা গেছে।

গবেষক মো. জাহিদ হোসাইন খান বলেন, ভাষা শেখার জন্য দ্বিমুখী কথোপকথন অপরিহার্য। অভিভাবক যদি শিশুর সঙ্গে কনটেন্ট নিয়ে আলোচনা করেন, তবে এটি শেখার প্রক্রিয়ায় পরিণত হয়।

গবেষণায় অংশ নেওয়া ৫০ শতাংশ অভিভাবক মনে করেন অতিরিক্ত স্ক্রিন ব্যবহার ভাষাবিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। তবে ৬০ শতাংশ মনে করেন, যথাযথভাবে ব্যবহৃত হলে স্ক্রিন টাইম ভাষা শেখায় সহায়ক হতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল আলম চৌধুরী বলেন, গবেষণায় বয়স-উপযোগী সময়সীমা নির্ধারণ এবং বাংলা ভাষায় মানসম্পন্ন শিক্ষামূলক কনটেন্ট তৈরি ও প্রচারের সুপারিশ করা হয়েছে।

অধ্যাপক হাকিম আরিফ বলেন, বর্তমান প্রজন্মের শিশুদের সুস্থ বিকাশের ক্ষেত্রে স্ক্রিন টাইম একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন