বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষকের মর্যাদা রাষ্ট্রের ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

শিক্ষকের মর্যাদা রাষ্ট্রের ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষকের মর্যাদা রাষ্ট্রের ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

শিক্ষকদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, সরকার দেশের শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চায় যাতে কোন শিক্ষার্থী শিক্ষাবঞ্চিত না হয়।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা পেশা কখনই ‘উপায়হীন বিকল্প’ হতে পারে না। বরং শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষকে শিক্ষকতা পেশা বেছে নিতে উৎসাহিত করতে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।

তিনি জানান, বাস্তবতার নিরিখে সরকার নতুন শিক্ষা সিলেবাস তৈরি করছে এবং চলতি বছরেই শিক্ষার্থীরা সেই সিলেবাসের বই পাবে। প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি কখনও শিক্ষার বিকল্প নয়, তবে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা জরুরি।

শিক্ষকদের রোল মডেল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা যদি শিক্ষার্থীদের কাছে প্রয়োজন ও প্রিয়জন হয়ে ওঠেন, তাহলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।

শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে শিক্ষাখাতে বাজেটের পরিমাণ আরও বাড়ানো হবে। নৈতিক ও চরিত্র গঠন শিক্ষার মূল উদ্দেশ্যে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী দেশের সকল স্তরের শিক্ষকদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শতাধিক শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন