প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব শিশুকে প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি আরও মজবুত হবে। তিনি আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে এ কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে নতুন কুঁড়ির কার্যক্রম আবারও শুরু হবে। এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিল্প-সংস্কৃতির পাশাপাশি খেলাধুলায় পারদর্শী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, "এই শিশুদের মধ্য থেকেই তৈরি হবে আন্তর্জাতিক খেলোয়াড়।"
শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। বাংলা ভাষার পাশাপাশি একাধিক বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে।
সরকারপ্রধান আরও জানান, পরিবেশ রক্ষায় প্রত্যেক শিশুকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।