প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, এ বছরেই শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাবে। নতুন বইয়ের শিরোনাম 'লার্নিং উইথ হ্যাপিনেস' এবং এটি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা হয়েছে।
এ তথ্য তিনি সোমবার রাজধানীতে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে জানান। এ উপলক্ষে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের পুরস্কৃত করা হয়।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে সম্মাননা পাওয়া শিক্ষকরা বলেন, উন্নত রাষ্ট্র গড়তে শিক্ষার ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাস্তবতাকে সামনে রেখেই সরকার নতুন সিলেবাস প্রণয়ন করেছে।
তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, দ্রুত সময়ের মধ্যে নতুন সিলেবাসের বই তাদের হাতে পৌঁছাবে। প্রধানমন্ত্রী বলেন, 'সরকার নতুন সিলেবাস প্রণয়ন করছে। এ বছরই ইনশাআল্লাহ্ শিক্ষার্থীরা নতুন সিলেবাস অনুযায়ী বই পাবে।'
শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া, শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সব শিশুকে শিক্ষার সুযোগ করে দেয়ার অঙ্গীকার করেন তিনি।