রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিল জালিয়াতির অভিযোগে ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তটি ৫৪৯তম সিন্ডিকেট সভায় গ্রহণ করে।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, ৯৯ শিক্ষার্থীর মধ্যে র্যাগিংয়ের জন্য ১৪ জন, সিল জালিয়াতির জন্য ৩ জন এবং জুনিয়র কর্তৃক সিনিয়রের ওপর শারীরিক হামলার অভিযোগে ১ জনসহ মোট ১৮ শিক্ষার্থীর ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
শাস্তির মধ্যে রয়েছে এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা, আবাসিকতা বাতিল করা এবং ভবিষ্যতে আবাসিকতার জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত। এছাড়া, ২০ শিক্ষার্থীকে ভবিষ্যতে আবাসিকতার জন্য বিবেচনা না করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে যে, র্যাগিং ও নির্যাতনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না।
তিনি আরও বলেন, ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ অনুযায়ী র্যাগিংয়ের ঘটনায় কেউ কঠোর শাস্তি পেতে পারেন, কেউ সতর্কতামূলক শাস্তির আওতায় আসবেন এবং কারও হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল হতে পারে।