রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে গোলাম আযমের লেখা ‘মনকে কাজ দিন’ বই বিতরণ করা হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শনিবার দুপুরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বই বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নবীনবরণের মতো একটি অনুষ্ঠানের মাধ্যমে একাত্তরের যুদ্ধাপরাধীদের ‘সাধারণীকরণ’ করার চেষ্টা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় আঙিনায় এই উপহার দেওয়ার মাধ্যমে তারা যুদ্ধাপরাধীদের নর্মালাইজ করার চেষ্টা করছে। এটা কোনোভাবেই কাম্য নয়।’
ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধীদের নর্মালাইজেশনের প্রক্রিয়া চলছে। শিবিরের নবীনবরণে মাথাপিছু সহস্রাধিক টাকা খরচ হয়েছে। এটি শিক্ষার্থীসুলভ সংগঠনের কর্মকাণ্ড নয়।’
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, ‘গোলাম আযমের লেখা বই নবীনদের হাতে তুলে দেওয়া বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
এদিকে, বই বিতরণ নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে চাননি শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না। যখন সমালোচনা হবে, তখন আমরা ক্লিয়ারেন্স দেব।’
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম, নূরুল ইসলাম বুলবুল এবং শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।