রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ চুক্তির স্বাক্ষর হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, 'বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই।'
নতুন ১১টি উড়োজাহাজের বাইরে, গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান, যার আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ।
এই নতুন চুক্তি সম্পন্ন হলে বিমানের বোয়িংয়ের কাছ থেকে পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫টিতে। তবে নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।