মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা ৩০ কেজি অবৈধ শিশা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- এএস সুন্নাহ প্রতিষ্ঠানের মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদ এবং ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মো. মেহেদী হাসান (৪৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ দুই মাসের গোয়েন্দা নজরদারির পর এই অবৈধ ব্যবসার সন্ধান পাওয়া যায়। সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট শিশা আমদানিকারক শনাক্ত করে তাদের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে।
গত ১১ নভেম্বর রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডে অভিযান চালিয়ে সোলায়মানকে আটক করা হয়। তার দেখানো মতে, তিনটি কার্টনে থাকা আল ফাখের ব্র্যান্ডের মোট ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।
সোলায়মান জানান, তিনি শাকিল আহমেদের মাধ্যমে এই শিশা সংগ্রহ করেছেন। এর ভিত্তিতে ১২ নভেম্বর শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তিনি তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো আমদানি করে শাকিলের কাছে সরবরাহ করতেন।
গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও তথ্য পর্যালোচনায় সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে শিশা ক্রয়-বিক্রয়ের তথ্য পাওয়া যায়। সোলায়মান জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধ শিশার ব্যবসা পরিচালনা করে আসছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।