রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৩১ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১২০ জন, গুলশান বিভাগ থেকে ৩২ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং জানালায় ব্যবহার্য অ্যালুমিনিয়াম ফ্রেমের ১৫টি টুকরা, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইলফোন, ১টি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।