দিনাজপুরের বীরগঞ্জে একটি পিকআপের চাপায় মা ও তার তিন বছরের ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন ফাহিমা আক্তার (২৮) এবং আব্দুল্লাহ। এ ঘটনায় আহত হয়েছেন ফাহিমার স্বামী নাজমুল ইসলাম (৩২)।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার পাঁচ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাজমুল ইসলাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার গড়েয়া বাজারের দিকে যাচ্ছিলেন।
ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাঁচ পীর এলাকায় একটি পিকআপ নাজমুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ফাহিমা এবং আব্দুল্লাহ পিকআপের নিচে পড়ে গিয়ে নিহত হন।
স্থানীয়রা নাজমুল ইসলামকে উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।