দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শশরা ইউনিয়নের জালিয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমন নিহত হন। পরে স্থানীয়রা সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেল্পার পলাতক রয়েছে। স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে নিয়ে আসে।