রাজধানীর ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝূমবাগ এলাকায় গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে একটি বাড়িতে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে এ দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়।
সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে একটি বোমা নিষ্ক্রিয় করেছে। অপর একটি বোমার নিষ্ক্রিয়করণের কাজ চলছে।
এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, যার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।