ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিক্ষার্থীদের ওপর উঠে গিয়ে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরও অন্তত ৭-৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রাইসা আক্তার (১৪) এবং নুসরাত জাহান (১২) উল্লেখযোগ্য। তারা দাগনভূঞা থানার আলমপুর গ্রামের বাসিন্দা। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলোনিয়া হাই স্কুলের কয়েকজন শিক্ষার্থী সড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাদের ওপর উঠে যায়, যার ফলে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা বাসটিকে ভাঙচুর করে। এ ঘটনায় দীর্ঘ যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবীর আহম্মেদ জানান, বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তার সুরাইয়া চানপুর গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে। আহত রাইসা আক্তার ও নুসরাত জাহানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এসআই আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে সিলোনিয়া হাই স্কুল মাঠে রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।