ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে প্রেষণে ফেনীতে এসআরবি-৭-এর উপ-সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এসআরবি ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন এসআরবি সদস্যরা।
এসময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করার সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এসআরবি সদস্য আলমগীর হোসেনকে চাপা দেয়। ট্রাকটি পরে পাশের গর্তে পড়ে যায়।
গুরুতর আহত আলমগীর হোসেন ও ট্রাকচালক সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে আলমগীরের মরদেহ চট্টগ্রামের এসআরবি-৭ কার্যালয়ে নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।