পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে এবং রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে সৈকত ও তন্ময় রয়েছেন। সৈকত দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং তন্ময় কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। সংঘর্ষের পর তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তন্ময়কে প্রায় সময়ই অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, আলমগীর প্রধানকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। আহত দুজনের মধ্যে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।